‘৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে সমাবেশ শুরু হয়। গত ২৬ ডিসেম্বর থেকেই হাদি হত্যার বিচার দাবিতে ধারাবাহিকভাবে শাহবাগে কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। ২৯ ডিসেম্বর ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শীর্ষক অনলাইন কর্মসূচি ঘোষণার পর আজ আবারও শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি।
তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, “হাদিকে গুলি করার ২১ দিন পার হলেও মূল খুনিদের গ্রেফতার করার কোনো সদিচ্ছা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। ডিএমপি কমিশনার দাবি করেছিলেন মূল ঘাতক মেঘালয়ে গ্রেফতার হয়েছে, কিন্তু মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। সরকার বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে।” তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তারা মূলত অভিযুক্তদের পরিবারের সদস্য, প্রকৃত ঘাতক নয়।
শাহাবাগ থানার এসআই মনমহোথ হালদার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনকিলাব মঞ্চ শাহবাগ ত্যাগ করেছে। তবে তাদের কিছু সমর্থক এখনও সেখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর জখম হন। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

